Thursday, April 23, 2015

এলোমেলো ভাবনা (৫)

(১) আত্মনির্ভরশীল হওয়ার পরিবর্তে "বিয়ে" যদি হয় নারীদের জীবনের প্রধান স্বপ্ন ও লক্ষ, তাহলে আর যাই হোক নারী মুক্তি সম্ভব না।

(২) কারো প্রতিশ্রুতির উপর ভরসা করে নিশ্চিন্তে বসে থাকার মত বোকামী দ্বিতীয়টি আর নাই। স্বার্থপরতার এই যুগে কেউ কাউকে সাহায্য করে না; নিজের কাজ নিজেকেই করে নিতে হয়।

(৩) পূজিবাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ও অবশ্যম্ভাবিতা হচ্ছে সামাজিক অসমতা। এই অসমতাই তীব্র আকার ধারন করে একদিন এর পতন ডেকে আনবে। সামাজিক অসমতার পরিমান যত তীব্র হবে, পুঁজিবাদের পতনও ততো নিকটে আসবে।

(৪) মানুষ খুবই একটা অদ্ভুত প্রানী। সে তার নিজের আচরনে সবসময় পরার্থপরতা খুঁজে পায় কিন্ত কখনো নিজের স্বার্থপরতা দেখতে পায় না।

(৫) মানব জীবনে 'বলা' কথার চেয়ে 'না বলা' কথার পরিমানই বেশি।

(৬) ফেসবুকে কোন পোস্টে লাইক দেয়া মানে সবসময় পোস্টের বক্তব্যের সাথে সহমত পোষণ করা নয়। লাইক দেয়া মানে স্টাটাসটা নজরে পড়েছে তা জানান দেয়া এবং লেখালেখি চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করা।

(৭) বেনিফিট অব ডাউট কখনো সবল ও সংখ্যাগুরুদের প্রাপ্য হতে পারেনা। এটা সবসময় দুর্বল ও সংখ্যালঘুদের অধিকার।

(৮) সমাজে যে কোন অস্থিরতা বা গোলমাল সৃষ্টি হলে তার প্রথম শিকার হয় নারী এবং শিশু। যদিও এইসব অস্থিরতা সৃষ্টির পিছনে প্রধানত দায়ী থাকে পুরুষ।

(৯) প্রত্যেক কাজেরই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই উপকার কখনো বিফলে যায় না। একদিন সেটা কোন না কোন ভাবে ফিরে আসবেই।

(১০) কখনো হতাশ হতে নেই। মূল্যবান কিছু নিমিষেই অর্জিত হয় না। তার পিছনে ধৈর্য, শ্রম ও সময় দিতে হয়।

Monday, April 20, 2015

~ আত্বরক্ষার কৌশল অর্জনই নারীকে যৌন নিপীড়ন থেকে অনেকটা রক্ষা করবে! ~

লজ্জার হলেও সত্য হচ্ছে, কিছু পুরুষ আজীবন পুরুষ হয়েই থাকবে, মানুষ হবে না। নারী তার চোখ, মুখ সবকিছু বোরকা দিয়ে ঢেকে রাখলেও এইসব অমানুষদের দন্ডানুভূতিতে আঘাত হানবে আর নারীদের যৌন নিপীড়নের চেস্টা করে যাবে।

বাংলাদেশের মত নারীদের নিরাপত্তা দিতে ব্যার্থ রাষ্ট্রগুলোতে এইসব অমানুষদের মোকাবেলা করতে হলে নারীদের অবশ্যই সেল্ফ ডিফেন্স মেকানিজম শিখতে হবে। স্কুল পর্যায় থেকেই প্রতিটা মেয়েকে কুংফু/ক্যারাটে/মার্শাল আর্টসে প্রশিক্ষন নিতে হবে যেন অমানুষগুলো ইট মারতে আসলে পাটকেল খেয়ে চিৎপটাং হতে হয়।

এসবের পাশাপাশি যৌন নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যৌন নিপীড়কদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করতে হবে।

সর্বোপরি, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনকে প্রতিরোধ করতে হলে নারীকে হয়ে উঠতে হবে পুরুষের সমকক্ষ - ঘরে ও বাইরে, মেধা ও মননে, এবং মানসিক ও শারীরিক শক্তিতে।

Monday, April 13, 2015

~ "ছুঁয়ে দিলে মন" চলচ্চিত্রটি সত্যিই আপনার মন ছুঁয়ে দিবে! ~

বাংলা চলচ্চিত্রে যে দৈন্য ভর করেছে, তা আর নতুন কোন খবর ন। দর্শকরা ভাল ছবির অভাবে প্রেক্ষাগৃহ থেক মুখ ফিরিয়ে নিয়েছেন। দর্শকের অভাবে হল মালিকেরা হল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। প্রযোজকরা চলচ্চিত্রে বিনিয়োগ করতে আস্থা হারিয়েছেন।

দেশীয় চলচ্চিত্রের এমন দুঃসময়েও কিছু তরুন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। এইসব তরুনদের প্রচেষ্টাকে সম্মান জানানোর ও বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে নিজে ও বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা।

গত ১০ এপ্রিল মুক্তি পাওয়া আরিফিন শুভ, জাকিয়া বারী মম ও ইরেশ যাকের অভিনীত, শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি দেখলাম। ছবিটি দেখার পর এককথায় মন্তব্য করতে বলা হলে বলতে হয় সত্যিই মুভিটি মন ছুঁয়ে দিয়েছে।

সিনেমাটিতে একদমই নতুন কিছু না থাকলেও অনেক কিছুই আছে প্রশংসা পাওয়ার মত।
ছবিটিতে বারবার একটা মজার ডায়ালগ শোনা যায় মিশা সওদাগরের মুখে, ‘প্রত্যেক জিনিসেরই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে।’ ছুঁয়ে দিলে মন ছবিটিতে নিশ্চয়ই এই দুই দিকেরই উপস্থিতি আছে। তবে আমি শুধু ভালো দিকগুলোর কথাই বলব।

পাহাড়ি অঞ্চলের পটভূমিতে নজরকাড়া লোকেশন বাছাই করে পরিচালক মুনশিয়ানার পরিচয় দিয়েছেন।

মিষ্টি প্রেমের গল্পের এই ছবিতে রোমান্টিসিসম, সাসপেন্স, হাস্যরসের কোন অভাব ছিলনা। হাবিবের সংগীত পরিচালনায় চলচ্চিত্রটির সবগুলো গানই ছিল চমৎকার ও শ্রুতিমধুর। মুভিটির গানে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ সংযুক্তি নিঃসন্দেহে বাড়তি ফ্লেভার দিয়েছে।

আরেফিন শুভর অভিনয় দক্ষতা নিয়ে আমার কোন সন্দেহ ছিলনা। এর আগে সে একশন নির্ভর মুভিতে ভাল করলেও এই রোমান্স নির্ভর ছবিটিতেও যথারীতি সে চমৎকার অভিনয় করেছে। জাকিয়া মম'র অভিনয় সম্পর্কে কিছুই বলবনা কারন তার প্রতি আমার আগে থেকেই দুর্বলতা রয়েছে। :P

ছবিটিতে নতুনত্বের কথা বলতে গেলে বলতে হয়, ভিলেন চরিত্রের বাইরে গিয়ে মিশা সওদাগার তার দুলাভাই চরিত্রটি অসাধারনভাবে হাস্যরসের সাথে ফুটিয়ে তুলেছেন। ইরেশ যাকেরের নতুন গেট আপে ভিলেন চরিত্রে অভিনয়ও ছবিটিতে নতুনত্ব দিয়েছে।

Sunday, March 22, 2015

এলোমেলো ভাবনা (৪)

(১) হতাশাকে কখনো প্রশ্রয় দিতে হয় না। একেবারে শিকড় সহ উপড়ে ফেলতে হয়। প্রশ্রয় পেলে হতাশা মানুষকে ধীরেধীরে সেল্ফ ডেসট্রাকশন বা মৃত্যুর দিকে নিয়ে যায়।

(২) ঘন্টা প্রতি আয়ের পরিমানই নির্ধারণ করে দিবে নারী ও পুরুষের মধ্যে কে ঘরে আর কে ঘরের বাইরে কাজ করবে।

(৩) সবচেয়ে বড় হতভাগ্য হচ্ছে সেই ব্যাক্তি যাকে তার জীবনের বেশিরভাগ সময় অপছন্দের বিষয়ের সাথে কাটাতে হয়।

(৪) বাংলাদেশের মত সমাজে উচ্চ শিক্ষিত ও অধিক যোগ্যতাসম্পন্ন মেয়েদের অপেক্ষাকৃত কম শিক্ষিত ও কম যোগ্যতা সম্পন্ন ছেলেদের বিয়ে করার সম্ভাবনা বেশি।

(৫) ধর্ম রক্ষা, জাতি রক্ষার নামে ব্যক্তি অধিকার হরণ, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ সভ্য সমাজে কাম্য হতে পারে না। মনে রাখতে হবে, সমাজের জন্য মানুষ না; বরং মানুষের জন্যই সমাজ।

(৬) সবকিছুকে ফাঁকি দেয়া গেলেও নিজের বিবেককে কিন্তু কখনো ফাঁকি দেয়া যায় না।

(৭) যে অর্থনৈতিক উন্নয়ন দেশের সমগ্র জনগোষ্ঠীকে স্পর্শ করতে পারে না, তাদের জীবন-যাপনের মান উন্নত করতে পারেনা তাকে সত্যিকারের উন্নয়ন বলা যায় না।

(৮) মানুষ বেশিরভাগ প্রশ্ন করে উত্তর জানার জন্য না; বরং উত্তর দেয়ার জন্য।

(৯) মানব জীবনের ইতিহাস হচ্ছে পরিবর্তনের ইতিহাস। মানব জীবনে ধ্রুব বা অপরিবর্তিত বলতে যদি কিছু থাকে; তাহলে সেটা হচ্ছে একমাত্র 'পরিবর্তন'।

(১০) আমাদের সমাজে মেয়ে ভাল নাকি খারাপ তা মাপা হয় মেয়েদের শরীর বিষয়ক ঘটনা দিয়ে। মজার ব্যাপার হচ্ছে, নষ্ট হওয়ার একই কাজ ছেলে-মেয়ে উভয়ে করলেও ছেলেরা কখনো নষ্ট হয় না; নষ্ট হয় কেবল মেয়ে!

Saturday, March 21, 2015

বুদ্ধিজীবিদের পরিচয় কি?

বুদ্ধিজীবি কারা? বুদ্ধিজীবিদের পরিচয় কি? বুদ্ধিজীবিদের উদ্দেশ্য ও দায়িত্ব কী হতে পারে?

বুদ্ধিজীবিরা কি শুধুই কোন বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় নিয়েজিত নাকি সমাজের প্রতি তাদের কোন বৃহত্তর দায়িত্ববোধ রয়েছে?

এডওয়ার্ড সাইদের মতে, বুদ্ধিজীবি হচ্ছেন সেই ব্যক্তি, সাধারন জনগনের কাছে যার গ্রহনযোগ্যতা আছে এবং যিনি সিদ্ধান্ত গ্রহনের জন্য একান্ত নিজের উপরই নির্ভর করেন। বুদ্ধিজীবি হবেন সেই ব্যাক্তি যিনি জাতীয়তাবাদ এবং কর্পোরেট বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করবেন।

বুদ্ধিজীবিদের কোন দলীয় সংশ্লিষ্টতা, জাতীয় প্রেক্ষাপট ও আদ্যকালীন আনুগত্যতা থাকতে পারে কিন্তু তার কাছে মানুষের দুর্দশা ও শোষন সম্পর্কে সত্যের মানদণ্ড একই থাকবে।

বুদ্ধিজীবিদের অন্যতম কাজ হচ্ছে তথাকথিত চালচলন এবং খন্ডিত বিষয়গুলোর সনাতনী দৃষ্টিভঙ্গি ভেংগে ফেলা। সর্বপরি, বুদ্ধিজীবিদের প্রধান কাজ হচ্ছে 'ক্ষমতার প্রতি সত্য ভাষন' অর্থাৎ মানুষের দুঃখ, দুর্দশা ও যাবতীয় শোষনের বিরুদ্ধে উচ্চকন্ঠে কথা বলা, যদিও তাকে সেজন্য ক্ষমতাসীনদের বিরাগভাজন হতে হয়।

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে কারা?

জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের মতে বাংলা ভাষাটা টিকিয়ে রেখেছে চাষাভুষা, দিনমজুর (গার্মেন্টস শ্রমিক) লোকেরা। এরা বাংলায় কথা বলে দেখেই এদেশের কবিরা বাংলায় কবিতা লেখে। সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় কেউ কথা বলেনা দেখেই কেউ এখানে সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় সাহিত্য লেখেনা।

আধুনিক বা প্রমিত বাংলা বংগসন্তানের ঠিক মুখের ভাষা না, লেখপড়া শিখে প্রাপ্ত বয়স্ক হলেই কেবল ঐ ভাষাটা তার মুখে আসে।

আর এই কারোনেই কি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার সবসময়, সবজায়গায় নিজের আঞ্চলিক ভাষা "ঢাকাইয়া" একসেন্টে কথা বলতেন?

বাঙালি সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য অভিন্ন উপাদান কী?

শত বৈচিত্র্য সত্ত্বেও বাঙালি সংস্কৃতির যেসব অভিন্ন উপাদান রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো উপাদান হল:

১। বাংলা ভাষা - ধর্ম, সমাজের ভিন্নতা সত্ত্বেও সকল বাঙালি বাংলা ভাষায় কথা বলে।
২। খাদ্যাভ্যাস - বিশ্বায়নের এই যুগেও বাঙালি হট-ডগ, চাইনিজ, কোক ইত্যাদি খেলেও ভাত এবং মাছ এখনো সকল বাঙালির প্রধান খাদ্য।

এছাড়াও, বাঙালির সাহিত্য, সংগীত, বাড়িঘড়ের প্রকরণ, পোশাক-আশাক, এমনকি চেহারা ও স্বভাবে লক্ষযোগ্য মিল রয়েছে।

বাঙালি সংস্কৃতির সূচনা কখন থেকে ধরতে হবে?

বাঙালি সংস্কৃতির সূচনা কখন হয়েছিল সেটা জানতে হলে আমাদের দুটো বিষয়কে বিবেচনা করতে হবে।

(১) বাংলা ভাষার জন্ম - সমাজের ভিন্নতা সত্ত্বেও সকল বাঙালির ভাষা বাংলা। তাই যখন থেকে বাংলা ভাষার উন্মেষ, তখন থেকেই বাঙালি সংস্কৃতির সূচনা।

(২) বাঙ্গালা নামক অঞ্চলের উৎপত্তি - সংস্কৃতির একটা স্থানিক মাত্রা বা পরিচয় আছে। যে অঞ্চলের লোকেরা বাংলায় কথা বলে, বাঙালি সংস্কৃতি সে অঞ্চলের।

তাই, যখন থেকে বাংলা ভাষা এবং বাঙ্গালা নামক অঞ্চলের জন্ম হল, তখন থেকেই বাঙালি সংস্কৃতির সূচনা ধরতে হবে।

Wednesday, March 18, 2015

এলোমেলো ভাবনা (৩)

(১) ব্যাক্তি জীবনে সুখী হওয়ার প্রধান বাঁধা হচ্ছে কারো প্রতি "প্রত্যাশা" আর "অধীকারের দাবী"। এ দুটো জিনিস থেকে মুক্ত হতে পারলে সুখী হওয়ার পথে আর কোন বাঁধা থাকেনা।

(২) মানুষ বড়ই অদ্ভুত। এরা কেউ কাউকে সত্যিকারভাবে বুঝতে চায় না। তবে মজার ব্যাপার হচ্ছে, এদের সকলেই প্রত্যাশা করে যেন অন্যরা তাকে বোঝে, তার অভিমানকে গুরুত্ব দেয়।

(৩) পুঁজিবাদী রাষ্ট্রের কাজই হচ্ছে গরীবদের বঞ্চিত করা ও শাস্তি দেয়া আর ধনীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করা।

(৪) আধুনিক যুগে প্রেম হয় শরীরে- শরীরে, ক্যারিয়ার আর রুপে, টাকা আর গায়ের রংয়ের সৌন্দর্যের সাথে।

(৫) সবার মধ্যেই বিশেষ কিছু গুণ বা সৌন্দর্যময় দিক আছে কিন্তু সেটা সবাই দেখতে পায় না।

(৬) কোন কিছু অর্জন করার পরে সেটা ধরে রাখতে পারাটাই হচ্ছে আসল অর্জন।

(৭) 'প্রেম-ভালোবাসা' এমন কোন সফটওয়্যার না যেটা চাইলেই যখন ইচ্ছা ইন্সটল বা আনইন্সটল করে নেয়া যায়।

(৮) 'প্রেম-ভালবাসা' হচ্ছে সংক্রামক ভাইরাসের মত। এতে যেকেউ যেকোন সময় আক্রান্ত হতে পারে।

(৯) আবেগ মানুষকে সাহসী করে, ভয় ডর দুর করে দেয়। প্রতিক্রিয়া নিয়ে বেশি ভাবতে দেয় না।

(১০) জ্ঞান, বুদ্ধি ও নৈতিকতায় উন্নত মানুষের জন্য আইন কানুন বা ধর্মের প্রয়োজনীয়তা নাই। কেননা সে জানে, তার কী করা উচিত আর কী করা উচিত না।

Wednesday, March 11, 2015

~ স্বামী-স্ত্রীর মধ্যে কে ঘরে আর কে ঘরের বাইরে কাজ করবে? ~

ঘন্টা প্রতি আয়ের পরিমানই নির্ধারণ করে দিবে নারী ও পুরুষের মধ্যে কে ঘরে আর কে ঘরের বাইরে কাজ করবে।

অর্থাৎ নারী যদি পুরুষের চেয়ে বেশি আয় করে, তাহলে নারী ঘরের বাইরে চাকরি বা কাজ করবে আর পুরুষ ঘরে থেকে শিশু পালন, রান্নাবান্না ও ঘরের কাজ করবে।

অন্যদিকে, নারী-পুরুষ দুজনের আয় সমান হলে অথবা উভয়ে চাইলে দুজনই বাইরে কাজ করতে পারে। তবে সেক্ষেত্রে নারী-পুরুষ উভয়কেই ঘরের কাজ শেয়ার করে করতে হবে।