Showing posts with label সমাজবিজ্ঞান. Show all posts
Showing posts with label সমাজবিজ্ঞান. Show all posts

Tuesday, February 19, 2019

সমাজবিজ্ঞানে আগ্রহীদের জন্য দুটি বই!

সমজাবিজ্ঞানের ছাত্র-ছাত্রী বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বই দুটি পড়ে খুব সহজেই সমাজবিজ্ঞান সম্পর্কে সামগ্রিক ধারণা নিতে পারবেন। বই দুটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খুবই সহজ ভাষায় লিখিত গ্রাফিক গাইড মানে টেক্সটের সাথে কার্টুন জুড়ে দেয়া। যার ফলে অনেক ক্ষেত্রে শুধুমাত্র কার্টুন দেখেই এর অনেক বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

ইংরেজি ভাষায় লিখিত হলেও আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এর ইংরেজি টেক্সট বাংলা ভাষার চেয়ে একটু সহজ। ;) কেউ দুই-এক পৃষ্ঠা পড়লেই আমার কথার সত্যতা বুঝতে পারবে। বিশেষ করে যারা ইংরেজি বই পড়তে ইতস্তত বোধ করেন, তাদের জন্য এই বই আদর্শ হতে পারে।

আবার, যারা সমাজবিজ্ঞান পড়তে পছন্দ করেন না কিন্তু সহজে পরীক্ষায় পাশ করতে চান তাদের জন্যেও বই দুইটি খুবই কার্যকরী হবে বলে আমার বিশ্বাস। আরও সহজ করে বলি, বই দুইটির এমন কোন পৃষ্ঠা নেই যা সমাজবিজ্ঞান বিভাগের কোন কোর্সের সিলেবাসে নাই।

সো, নিউ ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার, লিখিত এক্সাম থেকে ভাইভা এক্সাম, সবক্ষেত্রেই এর কার্যকারিতা টের পাওয়া যাবে।

দ্রষ্টব্যঃ বইগুলো দেখতে, পড়তে ও কিনতে পাওয়া যাবে বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবনের বাতিঘর লাইব্রেরিতে।

এছাড়া গুগল প্লে স্টোরের AnyBooks App ইনস্টল করে তাতে বইয়ের নাম লিখে সার্চ দিলেও সেখান থেকে ডাউনলোড করে পড়া যাবে।

বইয়ের নামঃ

Series Name: Introducing Graphic Guide
Publisher: Icon Books, England

1. Sociology
2. Marxism

ফোর্থ ইয়ার ও মাস্টার্সের স্টুডেন্টরা Contemporary Theories সহজে বুঝতে চাইলে প্রথম দুইটির সাথে আরো পড়তে পারেন একই সিরিজের..

1. Postmodernism
2. Philosophy

সামগ্রিকভাবে সমাজবিজ্ঞান সহজে আরো ভালভাবে বুঝতে চাইলে পড়তে পারেন একই সিরিজের..

1. Enlightenment
2. Philosophy of Science
3. Critical Theory
4. Feminism
5. Political Philosophy ইত্যাদি।

Tuesday, January 31, 2017

চিন্তার বিবর্তনের ইতিহাসঃ সমাজবিজ্ঞান কী এবং কীভাবে এলো?

প্রায় ২.৫ মিলিয়ন বছর আগে পূর্ব আফ্রিকায় বসবাসকারী ‘অস্ট্রালোপিথেকাস’ নামক 'দ্য গ্রেট এইপ' থেকে বিবর্তিত হয়ে আদি মানবেরা সর্বপ্রথম পৃথিবীতে আবির্ভূত হয়। মাত্র এক লক্ষ বছর আগেও পৃথিবীতে কমপক্ষে ছয় প্রজাতির মানব বসবাস করতো। সর্বশেষ  মাত্র ৩০ হাজার বছর আগেও আধুনিক মানব 'হোমো স্যাপিয়েন্সে'র সাথে 'হোমো নিয়ান্ডারথাল'রা এই পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো। অন্যান্য মানব প্রজাতি পৃথিবীর বুক থেকে হারিয়ে গেলেও হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানব প্রজাতি কীভাবে টিকে গেল তা এক বিস্ময়কর ব্যাপার। বিজ্ঞানীরা মনে করেন, হোমো স্যাপিয়েন্সদের অসাধারন বুদ্ধিমত্তা বা চিন্তার ক্ষমতাই তাদেরকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকতে প্রধান ভূমিকা রেখেছে। আর এ কারনেই আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম 'হোমো স্যাপিয়েন্স' বা 'বুদ্ধিমান মানব' রাখা হয়েছে। (Harari, 2014)*

হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা চিন্তা করতে পারে। তবে এই চিন্তার ক্ষমতা কিন্তু একদিনে তৈরি হয় নি। সময়ের সাথে সাথে মানুষের চিন্তার ক্ষমতা ও পদ্ধতির উন্নতি ঘটেছে। অজানাকে জানার কৌতূহল আর কোন ঘটনার পেছনের কারন জানতে চাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। এই প্রবৃত্তি থেকেই আদিম মানুষ তার আশেপাশের 'ঘটনা' কে বোঝা বা ব্যাখ্যা করার চেষ্টা শুরু করে।

ধর্মতাত্তিক যুগ

আদিম সমাজে সব "ঘটনা"কে ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোন থেকে দেখা হত। অর্থাৎ কোন ঘটনার পিছনের কারন হিসেবে স্রষ্টা বা অতিপ্রাকৃত শক্তির ভূমিকা রয়েছে বলে মনে করা হত।  যেমন- ঝড়-বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারন হিসেবে অতিপ্রাকৃত শক্তির ইচ্ছা বলে আদিম সমাজ বিশ্বাস করত।

মেটাফিজিক্যাল যুগ

যুগ যুগ ধরে মানুষ এভাবে ধর্মতাত্ত্বিকভাবে চিন্তা করে আসছিল। তবে ধীরে ধীরে মানুষ আর "সবকিছুর পিছনের কারন হিসেবে অতিপ্রাকৃত শক্তির ভূমিকা" বিষয়ক ব্যাখ্যায় সন্তুষ্ট থাকতে পারেনি। তারা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার বাইরে গিয়ে নিজেদের মত ভাবার চেস্টা করতে শুরু করল।

মূলত এভাবেই দর্শন শাস্ত্রের প্রাথমিক উৎপত্তি হয়েছে বলা যায়। দর্শন মূলত বিশ্বজগৎ, মানুষ ও তার কর্মকান্ডকে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার বাইরে গিয়ে জাগতিক যুক্তির আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। ধর্মের বাইরে গিয়ে যুক্তির আলোকে বিশ্বজগৎ ও তার কর্মকান্ডকে বিশ্লেষণ করার প্রচেষ্টা মানব ইতিহাসের এক চরম বৈপ্লবিক পরিবর্তন। 

দর্শনের আলোচনার বিষয়বস্তু ব্যাপক। দৃশ্যমান/ অদৃশ্যমান, প্রাকৃতিক/অপ্রাকৃতিক সবকিছু নিয়ে দর্শন আলোচনা করে। এককথায় বলা যায়, আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সকল শাখার উৎপত্তি স্থল হচ্ছে দর্শন।

বিজ্ঞানের যুগ

এরপরে প্রকৃতি, জগত ও তার কর্মকান্ডকে  আরো ভালভাবে বোঝার জন্য বিজ্ঞানের আবির্ভাব হয়।
দর্শনের সাথে প্রাকৃতিক বিজ্ঞানের মূল পার্থক্য হচ্ছে, বিজ্ঞান শুধুমাত্র বাস্তব, দৃশ্যমান (observable) বস্তু/ঘটনা নিয়ে আলোচনা করে। অন্যদিকে দর্শন দৃশ্যমান/অদৃশ্যমান, প্রাকৃতিক/অপ্রাকৃতিক এমনকি কাল্পনিক বিষয় নিয়েও আলোচনা করতে পারে।

বিজ্ঞান ও দর্শনের পর্যবেক্ষন পদ্ধতিও ভিন্ন। দর্শন সবকিছুকে শুধুমাত্র মানবচিন্তা ও যুক্তির আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। অন্যদিকে, বিজ্ঞান সবকিছুকে আনুষংগিক তথ্যপ্রমাণ ও নানারকম বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে ব্যাখ্যা করে।

দর্শনের অবজার্ভেবল বিষয়গুলোকে বিজ্ঞানের হাইপোথিসিসের সাথে তুলনা করা যেতে পারে। অর্থাৎ যখনই দর্শনের কোন বিষয় তথ্যপ্রমান ও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে সত্য প্রমানিত হয়; তখন আর সেটা শুধুমাত্র দর্শনে সীমাবদ্ধ থাকেনা, বিজ্ঞানে পরিনত হয়।

সমাজবিজ্ঞানের আগমন

বিজ্ঞানের আবিস্কার মানব সভ্যতার এক চরম মাইলফলক। বিজ্ঞানের জয়জয়াকারের ফলে মানুষ সবকিছুকে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। কিন্তু মানুষ, সমাজ ও তার কর্মকান্ড "বস্তুজগতের"র মত না হওয়ায় তাকে ব্যখ্যা করা প্রাকৃতিক বিজ্ঞানের জন্য কঠিন হয়ে দাড়ায়। ফলে উৎপত্তি হয় বিজ্ঞানের এক বিশেষ আপডেট ভার্সন সমাজবিজ্ঞান। ;)

সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ। সমাজ ও তার কর্মকাণ্ডকে নিরপেক্ষভাবে দেখার এবং ব্যাখ্যা করার বিজ্ঞানের নাম সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান মানুষের সামাজিক আচার-অনুষ্ঠান, প্রথা-প্রতিষ্ঠান ও তার কর্মকাণ্ডের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে। মানুষের আচার-অনুষ্ঠান ও কর্মকান্ডের উপর সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব নিয়েও সমাজবিজ্ঞান আলোচনা করে। যেমন- আত্মহত্যাকে ব্যক্তিগত কারন হিসেবে মনে করা হলেও সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম তার সামাজিক গবেষনার মাধ্যমে প্রমান করে দেখান যে আত্মহত্যার পিছনে শুধু ব্যক্তিগত কারনই নয়; এর পিছনে নানা সামাজিক কারণ জড়িত রয়েছে।

সমাজবিজ্ঞান অতিপ্রাকৃত বিষয় নিয়ে গবেষনা করেনা। তবে সমাজে বিদ্যমান "অতিপ্রাকৃত" বিষয় সমূহের প্রভাব ও তাৎপর্য নিয়ে আলোচনা করে। যেমন- স্রষ্টার অস্তিত্ব আছে কি নাই তা প্রমান বা অপ্রমান করা নিয়ে সমাজবিজ্ঞানের বিশেষ মাথাব্যাথা নাই। তবে স্রষ্টার অস্তিত্ত্ব বা অনস্তিত্ব বিষয়ক ধারনা সমাজে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা সমাজবিজ্ঞানের গবেষণার বিষবয়বস্তু হতে পারে।

মনে রাখতে হবে, সমাজবিজ্ঞানের গবেষনা পদ্ধতি বিজ্ঞানভিত্তিক হলেও তা প্রাকৃতিক বিজ্ঞানের গবেষনা পদ্ধতি থেকে কিছুটা আলাদা।

সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা সমাজের বিভিন্ন অংশ নিয়ে অধ্যয়ন করে। যেমন- রাষ্ট্রবিজ্ঞান সমাজের রাজনীতি নিয়ে, অর্থনীতি সমাজের অর্থনৈতিক বিষয় নিয়ে এবং সামাজিক নৃবিজ্ঞান সমাজের সংস্কতি নিয়ে অধ্যয়ন করে। অন্যদিকে সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের সকল শাখার মধ্যে সামগ্রিক সমন্বয় সাধন করে সমগ্র সমাজ ও সমাজব্যবস্থা নিয়ে গবেষণা করে।

সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোৎ তার বিখ্যাত "বিজ্ঞানের উচ্চক্রমে" (science of hierarchy) সমাজবিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদির উপরে স্থান দিয়েছেন। কারন তিনি মনে করতেন সমাজবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের পরে এসেছে এবং তা বিজ্ঞানের অন্যান্য শাখার জ্ঞানকে ব্যবহার করে সবচেয়ে জটিল বিষয় "সমাজ ও সামাজিক মানুষের আচরন ও ক্রিয়া" কে অধ্যয়ন করে মানবজাতির কল্যান সাধন করবে।

* Harari, Yuval Noah (2014). Sapiens: A Brief History of Humankind

Saturday, January 28, 2017

সমাজবিজ্ঞান বিভাগের নবীনরা যেসব প্রাথমিক বই পড়তে পারেন!

সম্প্রতি সমাজবিজ্ঞান বিভাগে একঝাঁক নবীনের আগমন ঘটেছে। সমাজবিজ্ঞানকে ভালভাবে জানতে ও বুঝতে চাইলে বই পড়ার বিকল্প নাই। সমাজবিজ্ঞান বিভাগের নবীন ছাত্রছাত্রীদের জন্য প্রাথমিক একটা বইয়ের লিস্ট দেয়া হল। আশা করা যায়, বইগুলো পড়লে দীর্ঘমেয়াদে নানাভাবে উপকৃত হওয়া যাবে।

১) সোশিওলজি
লেখক: এন্থনি গিডেন্স

সমাজবিজ্ঞানের ইন্ট্রোডাক্টোরি পর্যায়ের বাইবেল এটি। প্রথম বর্ষের সব স্টুডেন্টের জন্য একদম সহজ ইংরেজি টেক্সটের এই বইটি সম্পূর্ণ পড়া বাধ্যতামূলক। ইংরেজী বুঝতে সমস্যা হলে পাশে এর বাংলা অনুবাদ ভার্সন রেখে হলেও পড়তে হবে।

২) সমাজবিজ্ঞান সমীক্ষণ
লেখক: অধ্যাপক নাজমুল করিম, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক নাজমুল করিম স্যারের লেখা বই। ইন্ট্রোডাক্টোরি পর্যায়ের অন্যতম সেরা বই। জুনিয়রদের অবশ্যই পড়া উচিত।

৩) সমাজবিজ্ঞান পরিচিতি
লেখক: অধ্যাপক হাবিবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাবি।

বাংলা ভাষায় সমাজবিজ্ঞানের ইন্ট্রোডাক্টোরি পর্যায়ের প্রাথমিক লেভেলের আরও একটি বই। এটিও রিডিং পড়লে উপকৃত হওয়া যাবে।

৪) সমাজবিজ্ঞান শব্দকোষ
লেখক: প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী, ঢাবি।

সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কনসেপ্টসমূহ সম্পর্কে সংক্ষেপে বুঝতে বইটি সাহায্য করবে।

৫) পরিবর্তনশীল সমাজ: ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ
লেখক: অধ্যাপক নাজমুল করিম, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাবি।

উপমহাদেশ তথা বাংলাদেশের সমাজ বুঝতে চাইলে বইটি পড়ার কোন বিকল্প নাই।

৬) সোফির জগৎ
মূল লেখক: ইয়স্তাইন গার্ডার
অনুবাদ: জি এইচ হাবীব

সমাজবিজ্ঞান তথা বিশ্ববিদ্যালয় জীবনের জীবনের শুরুতেই প্রতিটি স্টুডেন্টের এই বইটি পড়া উচিত। অত্যন্ত সহজ ভাষায় লিখিত সুপাঠ্য এই বইটি মূলত মানুষের তিন হাজার বছরের চিন্তা তথা দর্শনের ইতিহাস নির্ভর থ্রিলার উপন্যাস। বইটিতে সক্রেটিস, প্লেটো, এরিস্টেটল থেকে শুরু করে কান্ট, হেগেল, মার্ক্স, ফ্রয়েড, ডারউইন.... এবং হালের ক্রেজ স্টিফেন হকিংস পর্যন্ত উল্লেখযোগ্য দার্শিনিকদের চিন্তার মেইন থিম গল্পের আকারে বিবৃত হয়েছে। দর্শন হচ্ছে সকল জ্ঞানের মা বা রুট। তাই দর্শন বা দর্শনের ইতিহাস না জানলে শুধু সমাজবিজ্ঞান কেন কলা/সামাজিক বিজ্ঞানের যেকোন শাখাই ভালভাবে উপলব্ধি অপূর্ণাঙ্গ থাকবে।

৭) হাজার বছরের বাঙালি সংস্কৃতি
লেখক: গোলাম মুরশিদ

বাংলা ভাষা ও বাঙালি জাতির বয়স প্রায় এক হাজার বছর। এই এক হাজার বছরের ইতিহাস লিপিবদ্ধ হয়েছে বইটিতে। আর এই ইতিহাস শুধুমাত্র রাজা-বাদশাদের কাহিনী বা রাজনৈতিক ইতিহাস না, বইটিতে বাঙালি জাতীর উৎপত্তি, বিকাশ, ভাষা, কৃষ্টিকালচার, পোষাক, খ্যাদ্যভ্যাস, শিল্পকলা, সাহিত্য, নাটক, সঙ্গীত ইত্যাদি এক কথায় বাঙালি জাতীর সামাজিক ইতিহাস চমৎকার ভাবে বর্ণিত হয়েছে। এই বইটি এজন্য পড়া জরুরি যে বাঙালি সংস্কৃতি বা বাঙালির ইতিহাস সম্পর্কে ধারনা না থাকলে সমাজবিজ্ঞানের সাথে বাংলাদেশের সমাজকে রিলেট করা যাবেনা।

৮) লাল নীল দীপাবলি (বাংলা সাহিত্যের ইতিহাস)
লেখক: হূমায়ুন আজাদ, বাংলা বিভাগ, ঢাবি।

সাহিত্য মানে হচ্ছে সমাজের মানুষের তথা সামাজিক ইতিহাস। একমাত্র সাহিত্যেই সমাজের উঁচুনিচু সব শ্রেনীর মানুষের কথা অসাধারনভাবে ফুটে ওঠে। মাত্র ১০০ পৃষ্ঠার এই বইটি সমাজবিজ্ঞান বুঝতে ও বিসিএসে ভাল করতেও অনেক কাজে লাগবে।

৯) ইংরেজি সাহিত্যের ইতিহাস
লেখক: সাবিদিন ইব্রাহিম, ঢাবি।

ইংরেজী সাহিত্যের ইতিহাস মানে বিশ্বের বড় একটা অংশের মানুষের চিন্তাভাবনার ইতিহাস। বাংলা ভাষায় রচিত সবচেয়ে সংক্ষিপ্ত ও সহজ ভাষায় লিখিত মাত্র ১০০ পৃষ্টার এই বইটি পড়লে দোজাহানের (জ্ঞান ও বিসিএস) অশেষ কল্যান হাসিল হবে। ;)

১০) পৃথিবীর ইতিহাস
লেখক: জওহরলাল নেহেরু, ইন্ডিয়া।

ইন্ডিয়ার সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার দশ বছর বয়সী কন্যা ইন্দ্রিরা গান্ধীকে চিঠির মাধ্যমে পৃথিবীর ইতিহাস শিখিয়েছেন। মাত্র ১০০ পৃষ্ঠার এই বইটি পড়লে আপনি একেবারে পৃথিবীর শুরু অর্থাৎ প্রানের উৎপত্তি থেকে বর্তমান সময় পর্যন্ত সবকিছু সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা পাবেন।

১১) ভোলগা থেকে গংঙ্গা
লেখক: রাহুল সাংকৃত্যায়ন, ইন্ডিয়া।

গল্পের আবরণে লেখক বইটিতে প্রাচীন আমল থেকে বিংশ শতাব্দী পর্যন্ত আর্যদের সমাজ বিকাশ এবং পথপরিক্রমার ইতিহাস লিখেছেন। বইটিতে মোট ২০টি ছোট গল্প রয়েছে। প্রতিটি গল্প সমাজ বিকাশের একেকটি ধাপ। বইটি শুরু হয়েছে ৬০০০ খৃষ্টপূর্বাব্দে ভোলগা নদীর তীরে যে মানবগোষ্ঠী পরিবার স্থাপন করেছিলো, তাদেরই আবাস ও জীবন নিয়ে এবং শেষ হয়েছে ১৯৪৭ সালের ১৫ আগস্টের দেশ বিভাগের কাহিনীর মধ্য দিয়ে।

বিদ্র: সবগুলো বইই rokomari.com এ অর্ডার করলে হল/বাসায় পৌছে দেবে। বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে হবে। এছাড়া মিঞা শোভনের বই বিক্রি কার্যক্রম "দেউলিয়া"তে অর্ডার করলেও সংশ্লিষ্ট বই ক্যাম্পাসে ডেলিভারি দিয়ে যাবে।  এছাড়া অনলাইনে খোঁজাখুঁজি করলে কিছু বইয়ের সফটকপিও অনলাইনে ফ্রি পাওয়া যেতে পারে।

#সমাজবিজ্ঞান
#পড়াশুনা
#বুকলিস্ট

Monday, August 29, 2016

মেয়ে শুনে রাখো, পেশাগত জীবনে সফল ব্যক্তিরা কিন্তু স্বামী হিসেবে ভাল হয় না! ;)

সেদিন মাস্টার্সের ক্লাসে 'সিগমুন্ড ফ্রয়েড' পড়াতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত প্রফেসর সমাজবিজ্ঞানী মাহবুব উদ্দীন স্যার বললেন, "পেশাগত জীবনে সফল ব্যক্তিরা কখনো ভাল স্বামী হতে পারে না।"

কেননা একজন সফল একাডেমিশিয়ান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা খেলোয়াড়কে তার পেশাগত জীবনে সফল হতে হলে তার পিছনে তাকে প্রচুর সময় দিতে হয়। আর পেশাগত জীবনে অধিক সময় ব্যয় করা মানে স্ত্রী বা পারিবারিক কাজকর্মে কম সময় দেয়া।

আর ছেলেদেরও এই কথা ভুলে গেলে চলবেনা যে এই সূত্র আধুনিক কালের উচ্চশিক্ষিতা পেশাগত জীবনে সফল বউদের ক্ষেত্রেও কিন্তু সমভাবে প্রযোজ্য। ;)

Monday, August 8, 2016

বুক রিভিউ: সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ ভাবনা

মানব জাতির ইতিহাস হাজার বছর ধরে সভ্যতার উত্থান ও পতনের ইতিহাস। সভ্যতার এই উত্থান-পতনের ইতিহাস রচনায় মানুষের ভূমিকাই প্রধান। মানুষের দায়িত্ববোধের দ্বারা কর্তব্য-কর্মের মাধ্যমে সমাজ সমৃদ্ধি লাভ করে। তেমনি আবার এই মানুষের দায়িত্বহীন কর্মের কারণেই সমাজের সমূহ ক্ষতি সম্পন্ন হয়। সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ একবিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ প্রত্যয়। মানব সভ্যতা টিকে থাকবে কি থাকবে না বা সভ্যতার গতিপথ কোন দিকে তা এই প্রত্যয়সমূহের বিশ্লেষণের মাধ্যমে সহজেই বোঝা সম্ভব।

ড. ইব্রাহিম মুকুল রচিত "সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ ভাবনা" বইটি একটা নন-ফিকশন বা অ-কথাসাহিত্যিক বই। বইটিতে কিছু কিছু  যায়গায় নানা ধরনের তথ্য, পরিসংখ্যান, রেফারেন্সের ব্যবহার দেখা গেলেও কোন ধরনের রিসার্চ মেথডলজি বা রিসার্চ ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়নি বিধায় একে গবেষণাধর্মী বই বলার সুযোগ নাই।

"সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ ভাবনা" প্রকৃতপক্ষে কোন মৌলিক বই নয়। এটি মূলত সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ নিয়ে লেখকের নিজস্ব ভাবনার আলোকে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে প্রকাশিত এবং রেডিও থেকে প্রচারিত কতিপয় নির্বাচিত প্রবন্ধের সংকলন।

কল্যানের প্রচেষ্টা আর উন্নয়নের পথযাত্রাকে সহজ-সরল এবং প্রশস্ত করার মহান উদ্দেশ্য নিয়েই লেখকের এই 'সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ' বিষয়ক ভাবনা। "মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান" এই সার্বজনীন দায়বদ্ধতা থেকে মাটি, মানুষ ও প্রকৃতির মুক্তির লক্ষে ভাষাহীন কুড়েঘরের মানুষের অব্যক্ত কথা জাতির বিবেকের কাছে তুলে ধরতে লেখক কলম তুলে নিয়েছেন।

সংকলিত নিবন্ধগুলো সময়ের দীর্ঘ পরিসরে  রচিত নানামুখী চিন্তা ও ভাবনার ফসল। সময়ের ব্যবধান, বিষয় ও ক্ষেত্রগত ভিন্নতর কারনে নিবন্ধগুলোতে ভাবনার ধারাক্রম এবং যুক্তির পরস্পরা রক্ষিত না হলেও পাঠকের সুবিধার্থে রচনাগুলোকে শ্রেনীবিন্যাস করে বিষয়ভিত্তিক চারটি অধ্যায়ে সাজানো হয়েছে। অধ্যায়গুলো হল-

১) সমাজ-সংস্কৃতি ভাবনা
২)রাজনীতি ভাবনা
৩)অর্থনীতি ভাবনা ও
৪)পরিবেশ ভাবনা

প্রথম অধ্যায়ে সমাজ-সংস্কৃতি নিয়ে লেখকের ভাবনাগুলোকে একত্রিত করা হয়েছে। এ অংশে লেখক জাতীয় জীবনে  আদর্শ, সততা, ন্যায়-নৈতিকতার প্রয়োজনীয়তা, শিশুদের সঠিক সামাজিকীকরণ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের অগ্রাধিকার ও সার্বিক কর্মপরিকল্পনায় শিশুকল্যাণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
জাতীয় উন্নতিতে স্বার্থচিন্তার প্রভাব; দেশ গঠনে সরকার, প্রজাতন্তের কর্মচারী ও সিভিল সোসাইটির ভূমিকা; বাঙালির স্বজাত্যবোধের উজ্জ্বল প্রতীক ও সার্বজনীন জাতীয় উৎসব পহেলা বৈশাখ এবং একুশের তাৎপর্যের কথা উল্লেখ করেছেন। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল ঘরে তুলতে শিক্ষক, ছাত্র সমাজ ও বিভিন্ন পেশাজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্ব দিয়েছেন।

দ্বিতীয় অধ্যায়ে লেখকের রাজনীতি ভাবনা সংকলিত হয়েছে। এ অংশে লেখক দর্শনবিহীন এবং পেশিশক্তি ও পারিবারিক ইতিহাস নির্ভর রাজনীতির সমালোচনা করে  রাজনীতিতে সততা, নৈতিকতা ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গির চর্চার মাধ্যমে জনগনের কল্যান সাধনের কথা বলেছেন।
প্রতিহিংসামূলক রাজনীতির সমালোচনা করে, সোনার বাংলাদেশ গড়তে তিনি প্রতিহিংসামুক্ত, উদার এবং মেধানির্ভর উন্নয়নমুখী রাজনীতি চর্চার উপর গুরুত্ব দিয়েছেন। স্বাধীন দেশে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, ছাত্রদের প্রধান কাজ হল পড়াশুনা করে সংশ্লিষ্ট বিষয়ে পান্ডিত্য অর্জন করা এবং পড়াশুনা শেষে দেশ গঠনে আত্বনিয়োগ করা। তিনি অবশ্য জাতীয় দুর্যোগ বা জাতীর ক্রান্তিকালীন সময়ে ছাত্রসমাজের বিশেষ ভূমিকা পালনের গুরুত্বের কথা অস্বীকার করেন নি। তবে নিয়মিত রাজনীতিতে ছাত্রসমাজের অংশগ্রহনের বিষয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া, জনগনের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস দমনে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহনের কথা বলেছেন। পাশাপাশি সমাজ থেকে অপরাধীদের নির্মূল করতে বিজ্ঞানসম্মত উপায়ে সন্ত্রাসের প্রতিরোধমূলক ও চিকিৎসামূলক (curative) ব্যবস্থা যুগপৎভাবে কার্যকর রাখার উপর গুরুত্ব দিয়েছেন।

তৃতীয় অধ্যায়ের অর্থনীতি ভাবনায় অর্থনৈতিক পরিকল্পনায় একমুখী নগরমুখী উন্নয়নের পরিবর্তে গ্রামীন অর্থনৈতিক উন্নয়নের উপর গুরুত্ব দেয়া হয়েছে। গ্রামীন অর্থনীতি বিকাশে সমবায়ের ভূমিকা, বাজেট প্রনয়ন ও বাস্তবায়নে জনগনের সক্রিয় অংশগ্রহনের গুরুত্ব এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য ঘাটতি কমিয়ে রফতানি বাড়িয়ে দেশের অর্থনীতিকে সুসংহত করার কথা বলা হয়েছে। এছাড়া, এই অধ্যায়ে বড় অংশজুড়ে বীমা শিল্প, বীমা শিল্পের নানাদিক, বীমা শিল্পে নীতি-নৈতিকতার গুরুত্ব ও অর্থনীতিতে বীমা শিল্পের ভূমিকা ও গুরুত্বের কথা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।

চতুর্থ ও সর্বশেষ অধ্যায়ে লেখকের পরিবেশ ভাবনা প্রকাশিত হয়েছে। এ অধ্যায়ে লেখক সুন্দর ও নিরাপদ বিশ্ব গড়তে পরিবেশ সংরক্ষনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। পরিবেশ ধংস করে উন্নয়নের সমালোচনা করে লেখক উন্নয়নের সামগ্রিক ও সার্বজনীন ধারনা নিয়ে আলোচনা করেছেন। পরিবেশ দূষন, কীটনাশকের যাচ্ছেতাই ব্যবহারের ক্ষতিকর প্রভাব, জীবন ও পরিবেশের উপর পলিথিন-জাত দ্রব্যাদি ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে বাস্তবসম্মত আলোচনা করে পরিবেশ সংরক্ষনে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আলোচিত  বইটিতে লেখকের কোন বিশেষ আদর্শ বা দৃষ্টিভঙ্গির প্রতি পক্ষপাতিত্ব প্রকাশ না পেলেও সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ বিষয়ক ভাবনাগুলো তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন থেকে পুরোপুরি মুক্ত নয়।

ড. ইব্রাহিম মুকুল ঢাক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর শিক্ষা নিয়েছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বাংলাদেশ সরকারের প্রশাসনিক ক্যাডারসহ তথ্য, শিক্ষা, বস্ত্র, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া, রয়্যাল ট্রপিকাল ইনস্টিটিউট, আমস্টার্ডাম, হল্যান্ডেও গেস্ট লেকচারার হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তার রয়েছে।

সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ, কিশোর অপরাধ, সমাজ ও উন্নয়নের মত বিশ্বজনীন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে ইংরেজী ও বাংলা জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করছেন।

ভ্রমণ, শিক্ষা ও পেশাগত কারনে তিনি পাকিস্তান, থাইল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানী, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশ পরিভ্রমন করেন।  এসব দেশ থেকে অর্জিত অভিজ্ঞতার নিদর্শন তার লেখালেখিতে প্রতিফলিত হতে দেখা যায়।

সৃজনশীল ও প্রগতিশীল প্রকাশনা হিসেবে রিদম প্রকাশনা সংস্থার সুনাম রয়েছে। ড. ইব্রাহীম মুকুলের "সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ ভাবনা" বইটি প্রকাশ সংস্থাটির সৃজনশীল মহৎ উদ্যোগের একটি অনন্য উদাহরন।

২০০৭ সালে প্রকাশিত ২১০ পৃষ্ঠার আলোচিত এই বইটির গেটাপ-মেকাপ যথেষ্ঠ আকর্ষণীয়। প্রকাশনা সংস্থাটি যত্নের সাথে বইটি প্রকাশ করেছে তা সহজেই বলা যায়। যদিও বইটিতে কিছু যায়গায় বানান বিভ্রাটও চোখে পড়ে।

সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ প্রত্যয় চারটি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। কেননা এই চারটি বিষয়ের উপরই মানব সভ্যতা টিকে থাকার রহস্য নিহিত আছে। সমসাময়িক দৃষ্টিভঙ্গির আলোকে লেখক বইটিতে এই চারটি বিষয়কেই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

মানব সভ্যতার গতিপথ সহজ, সরল ও নিষ্কণ্টক রাখতে লেখকের এই প্রয়াস প্রশংসার দাবী রাখে। বইটিতে বিষয়বস্তুসমূহের ধারাবাহিক অনুক্রম ও যুক্তির পরস্পরা পুরোপুরি রক্ষিত না হলেও তাতে কল্যাণের আকাংখ্যায় জাগ্রত চেতনার প্রতিফলন দেখা যায়।

বইটিতে সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ বিষয়ে লেখকের নানা মতামত ও সুপারিশ লক্ষ করা যায়। নি:সন্দেহে এসব মতামত ও সুপারিশ বিবেচনার দাবী রাখে। ১৯৮৯ সালে জীবন ও পরিবেশের উপর পলিথিন দ্রব্য ও ব্যাগের ক্ষতিকর প্রভাব বিষয়ে A Remedy For Silent Hazard এবং ১৯৯০ সালে কীটনাশকের ব্যবহার এবং পরিবেশ ও টেকশই উন্নয়বের উপর The Environment & Sustainable Development শীর্ষক নিবন্ধ প্রকাশিত হয়। মজার ব্যাপার হচ্ছে পলিথিন-জাত দ্রব্যাদির ব্যবহার বন্ধের আহবান জানানোর প্রায় দেড় যুগেরও অধিক সময়ের পর নীতি-নির্ধারন কর্তৃপক্ষ পলিথিন দ্রব্যাদির ব্যবহার নিষিদ্ধকরণসহ পরিবেশ রক্ষায় নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এসব বিষয় থেকে লেখকের গভীর দৃষ্টিভঙ্গির তাৎপর্য খুঁজে পাওয়া যায়।

ড. ইব্রাহীম মুকুল বইটিতে পাঠকদের কিছু নতুন চিন্তার সাথে পরিচয় করে দিয়েছেন। ৮০ এর দশকে প্রকাশিত পলিথিন দ্রব্য ও ব্যাগের ক্ষতিকর প্রভাব  নিয়ে তার চিন্তাভাবনাকে তৎকালীন প্রেক্ষাপটে নতুন চিন্তা-ভাবনাই বলতে হবে। এছাড়া, ছাত্র রাজনীতি নিয়ে তার চিন্তাভাবনাকে নতুন না বলে উপায় নাই। ৫২, ৬২, ৬৯, ৭১, ৯০ এ রাজনীতির মাঠে অসাধরন ভূমিকা সত্ত্বেও তিনি ছাত্রদের নিয়মিত রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

ড. আকবর আলি খানের "অন্ধকারের উৎস হতে – সাহিত্য, সমাজ, পরিবেশ ও অর্থনীতি সম্পর্কে আলোর সন্ধান" বইটির সাথে ড. ইব্রাহীম মুকুলের "সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ ভাবনা" বইটির কিছুটা সাদৃশ্য রয়েছে।

"অন্ধকারের উৎস হতে – সাহিত্য, সমাজ, পরিবেশ ও অর্থনীতি সম্পর্কে আলোর সন্ধান" গ্রন্থটি অর্থনীতিবিদ ও সাবেক আমলা ডঃ আকবর আলি খানের দীর্ঘ গবেষণার ফসল। যদিও গ্রন্থটি বেশ কিছু জটিল বিষয়ের প্রবন্ধে সমৃদ্ধ, তারপরও গবেষণা গ্রন্থের কঠিন কঠোর ভাব এতে নেই। বরং বলা চলে সাধারণ পাঠকের জন্যই লেখক অনেক যত্নের সঙ্গে প্রবন্ধগুলো রচনা করেছেন। নামকরণ প্রসঙ্গে বইয়ের লেখক ভূমিকায় লিখেছেন, “অন্ধকারে উৎস হতে বাঙালি জীবনের কিছু জটিল ও দুর্জ্ঞেয় প্রহেলিকা সম্পর্কে আলোর অন্বেষা”। সাহিত্য, সমাজ, পরিবেশ ও অর্থনীতির দুর্গম অঞ্চলে আলো জ্বালিয়ে নতুন কিছু দিক উদ্ভাসিত করার সচেতন প্রয়াস দেখা যায় আলোচ্য গ্রন্থে। ড. খানের এই বইটিতে ছয়টি প্রবন্ধ রয়েছে। যাদেরকে লেখক চারটি ভাগে ভাগ করেছেন- সাহিত্য, সমাজ ও রাষ্ট্র, পরিবেশ এবং অর্থনীতি নামে। যদিও বিষয়বস্তুগুলোর নিজেদের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য মিল নেই, তারপরও প্রতিটি প্রবন্ধই পাঠকের সমান মনোযোগ আকর্ষণ করে।

ড. খানের বইটির সাথে ড. মুকুলের বইটির উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে ড. খানের রচনাগুলো গবেষনাধর্মী দীর্ঘ প্রবন্ধ। যার প্রতিটিতে সংশ্লিষ্ট বিষয়ে গভীর দৃষ্টিপাত পাওয়া যায়। অন্যদিকে ড. মুকুলের বইয়ের প্রবন্ধগুলো মূলত দৈনিক পত্রিকায় প্রকাশিত ইস্যু ভিত্তিক  মতামত ধরনের ছোট ছোট প্রবন্ধের সংকলন।

বইয়ের নাম: সমাজ, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ ভাবনা।
লেখক: ড. ইব্রাহীম মুকুল
পৃষ্ঠা সংখ্যা: ২১০
প্রকাশকাল: ২০০৭
প্রকাশনা: রিদম প্রকাশনা সংস্থা, বাংলাবাজার, ঢাকা-১১০০।
মূল্য: ২০০ টাকা মাত্র
ISBN: 984-8319-67-0

বিঃদ্রঃ এক আপুর অনুরোধে ঢেকি গেলার উদাহরন হচ্ছে দীর্ঘ এই রিভিউটা। ;)